গজিনি ছবিতে আমির খানের সঙ্গে অভিনয়ের মাধ্যমে দক্ষিণী অভিনেত্রী অসিনের বলিউড যাত্রা শুরু হলো। শুরুটা ভালোই হয়েছে। বলিউড তাঁকে সাদরে বরণ করে নিয়েছে। এ জন্য আজকাল তাঁর মেজাজও খুব ফুরফুরে। এবার তাঁকে দেখা যাবে বিপুল শাহের লন্ডন ড্রিমস ছবিতে। এ ছবিতেও সালমান খান ও অজয় দেবগনের মতো বড় দুই তারকাকে সঙ্গে পাচ্ছেন তিনি। অসিন বলেন, "গজিনি ছবিতে কাজ করার সময়ই লন্ডন ড্রিমস ছবিতে অভিনয়ের প্রস্তাব আসে। জানি না, কীভাবে তাঁরা আমাকে খুঁজে পেলেন। এ ছবির লম্বা শুটিং ছিল বিদেশে। এখনো কিছু কাজ বাকি। বলিউড আমাকে যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে, তা এখন ভালো করেই অনুভব করছি।" এদিকে গজিনি ছবির বিশাল সাফল্যের পর পরিচালক এ আর মুরুগাদোস এখন দ্বিতীয় ছবির কাজ শুরু করার জন্য প্রস্তুত। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত কিছু জানাননি। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০০৯.