শাহরুখ-কাজল অভিনীত আদিত্য চোপড়ার রেকর্ড সৃষ্টিকারী ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ একই প্রেক্ষাগৃহে টানা ১৩ বছর ধরে চলছে। সম্প্রতি ছবিটি উক্ত প্রেক্ষাগৃহে ১৪ বছরে পা দিয়েছে। মুম্বাইয়ের মারাঠা মন্দির নামের এই সিনেমা হলটিতে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ গত ১৭ অক্টোবর ৬৭৯তম সপ্তাহে পা দিয়েছে। ১৯৯৫ সালে মুক্তির কয়েক সপ্তাহ পর মারাঠা মন্দিরে চালানো শুরু হয় ‘দিল ওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’। এই ১৩ বছরে মোট আটবার ছবিটির প্রিন্ট পরিবর্তন করতে হয়েছে। এখন ছবির নবম প্রিন্ট চালানো হচ্ছে। বলাই বাহুল্য, ছবিটি প্রতি সপ্তাহেই হল কর্তৃপক্ষকে লাভের মুখ দেখাচ্ছে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তির পর থেকে এ যাবৎ অসংখ্য ব্যবসায়িক রেকর্ড করেছে। যার মধ্যে অন্যতম ১৩ বছর একটানা কোনো প্রেক্ষাগৃহে চলা। এই রেকর্ড অন্য কোনো ছবি আদৌ আর কোনদিন ভাঙতে পারবে কিনা তা বলা সত্যি মুশকিল হয়ে পড়েছে।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০০৮.