হলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা উইল স্মিথ এবং সর্বশেষ জেমস বন্ড ডেনিয়েল ক্রেইগ বলিউডের ছবির অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন। কাছাকাছি সময়ে এই দু’জনের বলিউডি ছবিতে অভিনয়ের ব্যাপারে কৌতূহল প্রকাশকে অনেকেই বলিউডের জন্য ইতিবাচক বলে মন্তব্য করেছেন। সম্প্রতি হলিউড নির্মাতা ড্যানি রয়েল তার নতুন ছবি শুটিংয়ের জন্য মুম্বাইয়ে এসেছিলেন। আর তার সেটে কয়েকবার এসেছিলেন উইল স্মিথও। সেখানেই বলিউডের ছবিতে অভিনয়ের আগ্রহ দেখান স্মিথ। এমনকি স্মিথ অনিল কাপুরের বাড়িতে তার সঙ্গে দেখা পর্যন্ত করতে যান। অন্যদিকে ডেনিয়েল ক্রেইগ অভিনীত বন্ড সিরিজের নতুন ছবি ‘কোয়ান্টাম অব সোলেস’ এই শুক্রবার মুক্তি পাচ্ছে। ছবি মুক্তির প্রাক্কালে ক্রেইগ বলিউডের জন্য তার দরজা খোলা বলে মন্তব্য করেছেন। ক্রেইগ বলেন, ‘আমি যদিও এখন পর্যন্ত বলিউডের কোন ছবি দেখিনি। কিন্তু ভারতে আমার প্রচুর ভক্ত রয়েছে। বলিউডের কোন অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পারলে আমি খুবই আনন্দিত হবো।’
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০০৮.






