নায়করাজ রাজ্জাকের প্রযোজনার পরবর্তী ছবিতে অভিনয় করবেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ও মডেল তিশা। তিশার বিপরীতে অভিনয় করবেন রাজ্জাক তনয় সম্রাট। ইতিপূর্বে একাধিকবার বাণিজ্যিক ছবিতে তিশার অভিনয়ের কথা শোনা গেলেও বরাবরই তা গুঞ্জন বলে প্রমাণিত হয়েছে। কিন্তু এবার সত্যিকার অর্থেই কোনো ঢাকাই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিশা। আর নাম চূড়ান্ত না হওয়া এই ছবিটি পরিচালনার মাধ্যমে প্রথমবারের মতো রাজ্জাকের ব্যানারের ছবি নির্মাণ করতে যাচ্ছেন এ সময়ের আলোচিত ও বাণিজ্য সফল পরিচালক পি এ কাজল। নায়করাজের ছবি পরিচালনা এবং ছবিতে তিশার অভিনয়ের ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরিচালক পি এ কাজল বলেন, ‘তিশার সাথে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। তিনিও অভিনয় করতে সম্মত হয়েছেন। আশা করি বাণিজ্যিক ছবিতে তিশার অন্তর্ভূক্তি দেশীয় চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে। আর নায়করাজের ছবি পরিচালনার ব্যাপারে বলবো এটা আমার ক্যারিয়ারের শ্রেষ্ঠতম ঘটনা। রাজলক্ষ্মীর ব্যানারে ছবি পরিচালনা করা যেকোনো পরিচালকের জন্য সৌভাগ্যের বিষয়।’ পি এ কাজল আরো জানান, এখন ছবির গল্প তৈরির কাজ চলছে। এরপর গান রেকর্ডিংয়ে হাত দেয়া হবে।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, বুধবার, ৫ নভেম্বর ২০০৮.