২০০৪ সালে নুরুল হুদা একদা ভালোবেসেছিল, ২০০৫ সালে অতঃপর নুরুল হুদা, ২০০৭ সালে আমাদের নুরুল হুদা। নুরুল হুদাকে নিয়ে এ পর্যন্ত তৈরি হয়েছে তিনটি ধারাবাহিক নাটক। আর এগুলো প্রচারিত হয় বিটিভি ও এটিএন বাংলায়। গত সপ্তাহে শেষ হলো আমাদের নুরুল হুদার শেষ পর্ব। এখানে শেফালীর সঙ্গে বিয়ে হয়নি নুরুল হুদার। সেই কষ্ট বুকে নিয়ে একদিন রাতের অন্ধকারে হারিয়ে যায় নুরুল হুদা। এবার তৈরি হবে নুরুল হুদার চতুর্থ সিকুয়াল। জানালেন, ওই তিনটি ধারাবাহিকের পরিচালক অরণ্য আনোয়ার। সব কটি ধারাবাহিকে নুরুল হুদার চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। অরণ্য জানান, নুরুল হুদাকে নিয়ে নতুন ধারাবাহিকেও মাহফুজ আহমেদের কথাই ভেবেছেন তিনি। তবে মাহফুজ আহমেদ বলেন, ‘নুরুল হুদাকে নিয়ে সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি, আমি তা সংরক্ষণ করতে চাই। নতুন করে নুরুল হুদার চরিত্রে অভিনয়ের ইচ্ছা আপাতত আমার নেই। আমি মনে করি, ভালো জিনিস পৃথিবীতে কম বলেই তা ভালো। তাই নুরুল হুদাকে নিয়ে আর কোনো ধারাবাহিক তৈরি হয়তো ঠিক হবে না।তবে অরণ্য জানান, নুরুল হুদাকে নিয়ে নতুন ধারাবাহিকের কাজ শুরু হবে আগামী বছরের মাঝামাঝি।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ১৪ নভেম্বর ২০০৮.






