অস্কার বিজয়ী চলচ্চিত্র পরিচালক রোমান পোলানস্কি তাঁর কাঁধের ওপর ৩০ বছর ধরে ঝুলে থাকা নাবালিকাকে ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেতে চান। ৭৫ বছর বয়সী এই নির্মাতার আইনজীবী গত মঙ্গলবার এ ব্যাপারে আদালতে আবেদন করেন। ১৩ বছরের ওই কিশোরীকে ধর্ষণের দায়ে সাজা হলে তিনি ১৯৭৮ সালে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যান। পোলানস্কির আইনজীবী জানান, তাঁদের কাছে এমন কিছু নতুন তথ্য-প্রমাণ রয়েছে, যা পোলানস্কির পক্ষে কাজ করবে। রোজমেরিস বেবি ও চায়নাটাউন-এর মতো সাড়া জাগানো ছবির এই পরিচালকের ফরাসি নাগরিকত্ব রয়েছে। তাঁকে কখনো যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের চেষ্টা করা হয়নি। ২০০৩ সালে দ্য পিয়ানিস্ট ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অস্কার পুরস্কার পেলেও তিনি এ পুরস্কার আনতে যুক্তরাষ্ট্র যাননি। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০০৮.






