কবরী ও ববিতাকে ২৭ বছর আগে নওজোয়ান ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল। আরও একটি ছবিতে তাঁরা দুজন কাজ করেছিলেন। নাম ছিল সোনার হরিণ। অবশ্য এখানে দুজনের একসঙ্গে কোনো কাজ ছিল না। এরপর আর তাঁদের একই ছবিতে কাজ করতে দেখা যায়নি। দীর্ঘদিন পর আবার তাঁরা একই ছবিতে অভিনয় করবেন। ছবির নাম রাজা সুর্য খাঁ।কবরী ও ববিতা বাংলা চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র। আর এই দুজন গুণী অভিনেত্রীকে একই ছবিতে নিয়ে আসছেন তরুণ নির্মাতা গাজী মাহাবুব। জানা গেছে, ডিসেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে। ছবির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন ফারুক, উজ্জল ও পূর্ণিমা।দীর্ঘদিন পর কবরীর সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে জানতে চাইলে ববিতা বলেন, ‘আমি তো তাঁর ভক্ত। তাঁর সঙ্গে কাজ করার সময়টা আমি ভীষণভাবে উপভোগ করব। এরই মধ্যে ওনার সঙ্গে আমার কথাও হয়েছে। পরিচালকও একটি ভালো উদ্যোগ নিয়েছেন। আশা করছি, ভালোভাবেই আমরা ছবির কাজ শেষ করতে পারব।’কবরী বললেন, ‘আমি সংবেদনশীল মানুষ। ববিতাও সে রকমই। ববিতার সঙ্গে কাজ করতে কোনো দ্বিধা বা শঙ্কা নেই। যদিও অনেকে বলেন, দুই পুরুষ এক হলে নাকি ঝগড়া হয় না, কিন্তু দুই নারী একত্র হলেই খুনসুটি হয়, জেদাজেদি হয়; কিন্তু আমি মনে করি, দুজনই নিজ নিজ অবস্থানে থাকলেও আমাদের মধ্যে সে রকম কিছুই নেই। আমাদের মধ্যে পেশাদারি মনোভাব ও প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু কোনো জেদাজেদি নেই। ববিতার সঙ্গে কাজটা করছি বেশ খুশিমনেই। আশা করছি, আমরা আন্তরিকতার সঙ্গে কাজটা শেষ করতে পারব।’ছবি প্রসঙ্গে কবরী আরও বলেন, ‘পরিচালকের কাছ থেকে গল্পটা শুনেই বেশ ভালো লেগেছে। ভাবনাটা ভালো। আসলে একটু ভিন্ন ধারার গল্পের প্রয়োজন এখন। তাহলে আমাদের চলচ্চিত্রের আরও কয়েকটি দিক উন্েনাচিত হবে।’

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ৫ নভেম্বর ২০০৮.