যুক্তরাজ্যের হাইকোর্টে দায়ের করা একটি মামলার আপসের ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন পপ-তারকা মাইকেল জ্যাকসন। সংগীতবিষয়ক একটি চুক্তি ভঙ্গের অভিযোগে বাহরাইনের বাদশার ছেলে শেখ আবদুল্লাহ বিন হামাদ বিন ঈসা আল খলিফা এ মামলা করেন। মামলার শুনানিতে হাজির হতে সম্প্রতি জ্যাকসনের যুক্তরাজ্য যাওয়ার কথা ছিল। তাঁর একজন মুখপাত্র জানান, জ্যাকসনের আইনজীবীরা তাঁকে বলেছেন, উভয় পক্ষ আপসের ব্যাপারে সম্মত হওয়ায় পপ-তারকার এ সফর বাতিল করা হয়েছে। মামলায় হামাদের অভিযোগ, সংগীতবিষয়ক একটি চুক্তিতে জ্যাকসন তাঁর কাছ থেকে ৪৭ লাখ পাউন্ড নিয়েছেন, কিন্তু শর্ত মানেননি। জ্যাকসনের দাবি, এ অর্থ তাঁকে উপহার হিসেবে দেওয়া হয়। ওয়েবসাইট।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০০৮.