‘বীর’ ছবির প্রযোজক সালমান খান নিজেই। শুধু তাই নয়, ছবির কাহিনীও তার লেখা। এই কাহিনী সালমান লিখেছিলেন আজ থেকে অনেক বছর আগে ‘বাগী’ ছবির শুটিংয়ের সময়। তাহলে এতো বছর পর ছবির কাজ শুরু করলেন কেন? জানাচ্ছেন সালমান নিজেই, ‘তখন আসলে এই স্ক্রিপ্ট অনুযায়ী কাজ করতে পারবো কি-না তা নিয়ে সংশয়ে ছিলাম। এতো বড় ক্যানভাসের ছবি তৈরি করার মতো বিশাল বাজেট, বড় মার্কেট, কারিগরী সুবিধা কোনোটাই ইন্ডাষ্ট্রির ছিলনা। এখন অবস্থা বদলেছে। মনে হলো ‘বীর’ করার এইতো সময়’। ‘বীর’ ছবিতে যোদ্ধার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন সালমান। অনেকটা হলিউডের ‘গ্ল্যাডিয়েটরে’র মতোই এ ছবিতে সালমানের চরিত্র। কথা রাখার জন্য মরতেও প্রস্তুত এমনই এক দুঃসাহসী যোদ্ধা চরিত্রে ‘বীর’ ছবিতে তাকে দেখতে পাবেন দর্শক। এদিকে সালমান খানের আরেক ছবি ‘লন্ডন ড্রিমস’ বেশ বিপাকে পড়েছে। ডিস্ট্রিবিউটররা খুবই কমমূল্য হাঁকছেন এই ছবিটির জন্য। এর পেছনে দায়ী করা হচ্ছে ইমরান খান অভিনীত ‘কিডন্যাপ’ ছবিটিকে। ছবিটির পরিবেশনা সত্ত্ব কিনে ডিস্ট্রিবিউটররা বেশ বড় ধরনের লোকসান দিয়েছেন। তাই এ যাত্রায় হয়তোবা ‘লন্ডন ড্রিমস’ তার প্রত্যাশিত মূল্য পাবে না।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, সোমবার, ৩ নভেম্বর ২০০৮.






