আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অভিনেত্রী কবরী সারোয়ার। তিনি জানান, তাঁর শ্বশুরবাড়ির এলাকা নারায়ণগঞ্জ-৪ থেকে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের প্রার্থী হয়ে তিনি নির্বাচনে অংশ নেবেন। আর মনোনয়ন পাওয়ার ব্যাপারেও তিনি বেশ আশাবাদী।কবরী বলেন, ‘যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, তখন আমার দায়িত্ববোধ থেকেই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম। দেশ স্বাধীন হওয়ার পর অভিনয়ের পাশাপাশি আমি আমার সামর্থ্য অনুযায়ী দেশ গঠনে নিজেকে যুক্ত করেছি। দীর্ঘদিন থেকেই অভিনয়ের পাশাপাশি রাজনীতি এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে যুক্ত আছি। আমি মনে করি, নির্বাচিত হতে পারলে এ দেশের শিল্প-সাহিত্য সংস্কৃতির উন্নয়নে কাজ করতে পারব। একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে অভিনয় ছাড়াও আমার আরও কিছু করার আছে, সেই তাগিদ থেকেই আমি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।’

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০০৮.