একই দিনে অভিষেক ঘটছে চলচ্চিত্রের দুই নবাগত নায়ক-নায়িকা আদনান ও অহনার। তাদের অভিষেক ঘটবে যথাক্রমে ‘পাষাণের প্রেম’ এবং ‘চাকরের প্রেম’ ছবির মাধ্যমে। ছবি দু’টি আগামী ৭ নভেম্বর মুক্তি পাবে। নায়ক হিসেবে আদনানের প্রথম ছবি ‘পাষাণের প্রেম’. ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান গীতিকার, প্রযোজক ও পরিচালক গাজী মাজহারুল আনোয়ার। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী ও অপু। সহশিল্পী হিসেবে আরো রয়েছেন শাহরিয়ার নাজিম জয়। প্রথম ছবিতেই মৌসুমীর মতো পনেরো বছরের সিনিয়র নায়িকার বিপরীতে অভিনয় করে চলচ্চিত্রাঙ্গনে আলোচনার সৃষ্টি করেছেন আদনান। অন্যদিকে অহনা মডেলিং এর অভিজ্ঞতা নিয়ে চলচ্চিত্রে পা রেখেছেন। পেপসোডেন্ট টুথপেস্ট, প্যারাসুট নারকেল তেল সহ বেশ কিছু দর্শকপ্রিয় বিজ্ঞাপনচিত্রে ইতোপূর্বে কাজ করেছেন অহনা। ‘চাকরের প্রেম’ তার প্রথম ছবি। ছবির পরিচালক রকিবুল আলম রকিব। ‘চাকরের প্রেম’ ছবিতে অহনার বিপরীতে রয়েছেন চলচ্চিত্রের অন্যতম শীর্ষ নায়ক আমিন খান। ক্যারিয়ারের হিসেবে আমিন খানও অহনার পনেরো বছরের সিনিয়র। পনের বছরের সিনিয়র নায়ক-নয়িকার বিপরীতে অভিনযের মধ্য দিয়ে নবাগত দুই নায়ক-নায়িকার অভিষেক চলচ্চিত্রশিল্পে কৌতুহলের উদ্রেক করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা আন্তরিকভাবে আদনান-অহনার সাফল্য কামনা করেছেন। শিল্পী সংকটের এই সময়ে তারা নতুন আলোকবর্তিকা হিসেবে কাজ করতে পারবেন বলে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশাবাদী।

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শনিবার, ১ নভেম্বর ২০০৮.