মুক্তি পাওয়ার পাঁচ দিনের মধ্যে ফাটাফাটি ব্যবসা করেছে হিন্দি কমেডি ছবি গোলমাল রিটার্নস। আন্তর্জাতিক বাজারে এটি এক কোটি ডলারের ব্যবসা করেছে। শুধু তা-ই নয়, যুক্তরাজ্যে শীর্ষ দশ ছবির মধ্যে জায়গা করে নিয়েছে এটি। আর ভারতীয় বাজারেই পাঁচ দিনে এটি আয় করেছে ৪৫ কোটি রুপি। রোহিত শেঠি পরিচালিত এ ছবিতে কারিনা কাপুর, অজয় দেবগন, তুষার কাপুর, আরশাদ ওয়ারসি, সেলিনা জেটলি ও অমৃতা অরোরাসহ একঝাঁক তারকা রয়েছেন। এদিকে এ ছবির বিরুদ্ধে স্বত্ব আইন বরখেলাপের অভিযোগ এনেছে অপর হিন্দি ছবির এক নির্মাতা। তিনি হচ্ছেন শকুন্তলা ভাটিয়া। ভারতের চলচ্চিত্র প্রযোজক সমিতির কাছে তিনি অভিযোগ করেন, ছবিটি তাঁর স্বামী রাজেন্দ্র ভাটিয়ার পরিচালিত আজ কি তাজা খবর-এর কাহিনী সরাসরি নকল করে নির্মাণ করা হয়েছে। কিরণ কুমার ও রাধা সালুজা অভিনীত ছবিটি ১৯৭৩ সালে নির্মিত হয়। ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শনিবার, ৮ নভেম্বর ২০০৮.






