১১ তলা ভবনের ছাদে দাঁড়িয়ে আছেন অভিনেতা মোশাররফ করিম। মিনিট পাঁচেক পর ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করবেন তিনি। নিচে সাধারণ জনতার উৎসুক দৃষ্টি। সেখানে আরও আছে দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেল ও পত্রিকার সাংবাদিকেরা। সব চ্যানেল মোশাররফের আত্মহত্যার চেষ্টার এই দৃশ্য সরাসরি সম্প্রচার করছে। আর এই সরাসরি সম্প্রচারের সুযোগ নিচ্ছে কিছু স্বার্থান্বেষী মানুষ। তারা এ সুযোগে টিভিতে মোশাররফ করিমকে দিয়ে নানা ঘোষণা দেওয়াচ্ছে। এটি একটি নাটকের দৃশ্য। বনলতা সেন নামের এই নাটকে আত্মহত্যার চেষ্টার অভিনয় করেন মোশাররফ। ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা থেকে নাটকটি ঈদের জন্য তৈরি করছেন মাহফুজ আহমেদ। গত রোববার দুপুরে বীর উত্তম সি আর দত্ত সড়কের পাশে একটি ১১ তলা ভবনের ছাদে এই নাটকের শুটিং হচ্ছিল। অনেক পথচারীই কিছু বুঝতে না পেরে ভিড় করে ওই ভবনের নিচে এবং রাস্তায়।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০০৮.






