ভারতের কিংবদন্তি উচ্চাঙ্গসংগীত শিল্পী ভীমসেন যোশি ‘ভারতরত্ন’ সম্মাননা পেয়েছেন। ভারতে এটাই সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। মঙ্গলবার রাতে ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে এই পুরস্কার দেওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। পন্ডিত ভীমসেন যোশির বয়স এখন ৮৬।৮৬ বছর বয়সী এই সংগীতগুরু এত দিন কেন এ সম্মাননা পাননি, এটাই এখন অনেকের প্রশ্ন। কিরানা ঘরানার প্রথিতযশা শিল্পী ভীমসেনের ছেলে শ্রীনিবাস যোশি বলেন, ‘আমি এ সম্মাননার ব্যাপারে বাবার সঙ্গে কথা বলেছি। তিনি খুব খুশি হয়েছেন। বাবা বলেছেন, যেসব ভারতীয় শিল্পী শত শত বছর ধরে সংগীতের প্রতি জীবন উৎসর্গ করেছেন, সেসব ভারতীয় শিল্পীর পক্ষে তিনি এ সম্মাননা গ্রহণ করেছেন।’ এর আগে ভারতের রাষ্ট্রীয় সম্মান ‘পদ্মবিভুষণ’ (১৯৯১), ‘পদ্মভুষণ’ (১৯৮৫) ও ‘পদ্মশ্রী’ (১৯৭২) পেয়েছেন ভীমসেন যোশি।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০০৮.