প্রখ্যাত কথাসাহিত্যিক সৈয়দ শামসুল হক এবার অভিনয় করছেন। আর তিনি অভিনয় করছেন নিজের চরিত্রেই। অর্থাৎ গল্পে তিনি একজন জনপ্রিয় প্রবীণ লেখক। এটি ডিজিটাল ফিল্ম। নাম জলেশ্বরী। এখন এর কাজ চলছে সেন্ট মার্টিনে। অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে জানতে চাইলে সৈয়দ শামসুল হক বলেন, ‘এটা আমার প্রথম অভিনয়। এ জীবনে তো অনেক কাজই করেছি। উপন্যাস, গল্প, কবিতা তো আছেই; নাটক লিখেছি, চলচ্চিত্রের চিত্রনাট্য লিখেছি, বাকি ছিল অভিনয়। এবার সেটাও করছি। কয়েকজন তরুণ এসে আমাকে অভিনয় করার প্রস্তাব দেয়। গল্পটা শুনে আরও ভালো লাগল। রাজি হয়ে গেলাম।’ছবিতে তাঁর চরিত্র প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে নায়ক কবিতা লেখে। আর তার প্রেমিকা কবিতা পছন্দ করে। ঘুরতে এসে একজন লেখকের সঙ্গে তাদের কথা হয়। তাদের আলোচনা শুধু কবিতার মধ্যে সীমাবদ্ধ থাকে না। জীবন, প্রেম, ভালোবাসাসহ নানা বিষয় উঠে আসে আলোচনায়। তারা লেখকের কাছে এসব ব্যাপারে জানতে চায়। পাশাপাশি লেখকও তাদের কাছ থেকে এসব বিষয়ে তরুণ মনের ভাবনা জানতে পারে।’ এবার অভিনয় করতে এসে নিজেকে একজন অভিনয়শিল্পী ভাবতে শুরু করেছেন সৈয়দ শামসুল হক। বললেন, ‘শুধু আমার নিজের চরিত্রে নয়, এরপর কেউ যদি অন্য কোনো চরিত্রে অভিনয়ের জন্য আমাকে আমন্ত্রণ জানান, তাতেও আমার কোনো আপত্তি নেই।’রাজু আলীমের ‘পতেঙ্গার ঘোড়া’ গল্প ও তাঁর কবিতার বই দুরন্ত পাখি অবলম্বনে তৈরি হচ্ছে জলেশ্বরী। যৌথভাবে এর চিত্রনাট্য লিখেছেন উদয় হাকিম ও শাহনেওয়াজ কাকলি। আর পরিচালনা করছেন শাহনেওয়াজ কাকলি। এখানে আরও অভিনয় করছেন মম, শোয়েব, রহমত আলী, দিলারা জলিসহ অনেকে। চিত্রগ্রহণে উপদেষ্টা হিসেবে আছেন প্রখ্যাত চিত্রগ্রাহক আনোয়ার হোসেন। এখানে দুটি গান আছে। গেয়েছেন কৃষ্ণকলি।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ৯ নভেম্বর ২০০৮.