বিশ্বজুড়ে বলিউডি সিনেমার খ্যাতি নাচ-গানের জন্য। সারাবিশ্বের দর্শকদের কাছে হিন্দী ছবির ভিন্নরকম আবেদন গড়ে উঠার পেছনে নাচ গানের অবদান রয়েছে সবচেয়ে বেশি। নাচ ও গান ছাড়া যেন কোনো হিন্দী ছবিই পূর্ণতা পায় না। আর এই নাচ-গান সমৃদ্ধ বলিউডি ছবিতেই অভিনয়ের আকাংক্ষা ব্যক্ত করেছেন হলিউড মডেল ও অভিনেত্রী এলিজাবেথ হার্লি। লিজ হার্লি বলেছেন, ‘ভারতীয় ছবির অসম্ভব ভক্ত আমি। এখানকার কোন ছবিতে অভিনয় করতে পারলে আমি আনন্দিত হবো। বিশেষত: নাচ-গান আছে এমন ছবিতে অভিনয় করতে পারলে ভাল লাগবে।’ গেল সপ্তাহে ভারতে এসেছিলেন লিজ হার্লি। সঙ্গে ছিলেন তার স্বামী অরুণ। লিজ হার্লি ভারতে এসেছেন ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে সচেতনতা তৈরির জন্য। অভিনেত্রী সোনম কাপুরও লিজ হার্লির সঙ্গে ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে সচেতনতা তৈরিতে অংশগ্রহণ করেন। লিজ হার্লি বলেন, ‘শেষ কয়েক বছরে ব্রেস্ট ক্যান্সারের বিরুদ্ধে আমরা অনেকখানি অগ্রসর হয়েছি। মহিলাদের আমরা বলেছি প্রাথমিকভাবে যদি ধরা পড়ে তবে শতকরা আটানব্বই ক্ষেত্রে এই রোগের নিরাময় সম্ভব।’
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শনিবার, ১ নভেম্বর ২০০৮.






