কলকাতার চলচ্চিত্রে গান করবে রক ব্যান্ড ওয়ারফেজ। শুধু গান গাওয়া নয়, নিজেদের গানের সঙ্গে অভিনয়ও করবেন ঢাকার এই ব্যান্ডের সদস্যরা। ছবির নাম জাস্ট কলকাতা। আর এটি পরিচালনা করছেন অঞ্জন দত্ত। এ উপলক্ষে গত রোববার ওয়ারফেজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। এখানে উপস্িথত ছিলেন ব্যান্ডের সদস্যরা। ওয়ারফেজ ব্যান্ডের প্রধান শেখ মনিরুল আলম টিপু বলেন, ‘জাস্ট কলকাতা ছবিতে একটি নতুন ব্যান্ড দল গড়ার গল্প দেখানো হবে। দলটির সদস্যদের নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা, অনুশীলন, উত্থানের পথে নানা বাধা এখানে তুলে ধরা হবে। পরে তারা আন্তর্জাতিক মানের ব্যান্ড হিসেবে এক কনসার্টে অংশ নেয়। আর সেই কনসার্টে বাংলাদেশের ওয়ারফেজ ও কলকাতার ফসিলস নতুন ব্যান্ডের সঙ্গে কয়েকটি গান পরিবেশন করবে।’ছবির শুটিং করার জন্য জানুয়ারিতে কলকাতায় যাচ্ছে ওয়ারফেজ। ওয়ারফেজ এখন তাদের সপ্তম অ্যালবামের কাজ করছে। ওয়ারফেজের ২৫ বছর পূর্তি হলো এ বছর। এ উপলক্ষে অক্টোবর মাসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেয় দলের নতুন ও পুরোনো সব সদস্য। তবে এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারেনি সাধারণ দর্শক। তাদের জন্য সেই অনুষ্ঠানের ডিভিডি তৈরি করা হয়েছে। এটি বাজারে আসবে আগামী বছর।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০০৮.