সংগীতশিল্পী এস আই টুটুল এবার উপস্থাপক হলেন। আর মিউজিক নামে একটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন তিনি। অনুষ্ঠানটির প্রথম ২৬ পর্ব উপস্থাপনা করেছিলেন আরেক সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।উপস্থাপনায় আগ্রহী হওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘অনুষ্ঠানটি এর আগে আমার গুরু আইয়ুব বাচ্চু উপস্থাপনা করেছেন। আমি সব সময় তাঁর পথ অনুসরণের চেষ্টা করি। আরটিভি থেকে অনুষ্ঠানটি করার জন্য এর মধ্যে বেশ কয়েকবার আমাকে অনুরোধ করা হয়েছে। সময় মেলাতে পারছিলাম না। এবার আর না করে পারলাম না।’উপস্থাপনার অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘যেহেতু এর আগে আইয়ুব বাচ্চু অনুষ্ঠানটি করে গেছেন, তাই মনের মধ্যে একটা ভয় তো সব সময়ই ছিল। মানটা যেন পড়ে না যায়, সেই চেষ্টা আমি করেছি। সংগীতের ওপর ধারণা থাকায় তেমন কোনো সমস্যা হয়নি।’অনুষ্ঠানটি পরিচালনা করেছেন শওকাত। তিনি বলেন, ‘এর আগে আমরা আইয়ুব বাচ্চুকে অনুষ্ঠানটির নতুন পর্বগুলো উপস্থাপনার জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু নানা কারণে তিনি রাজি হননি। এরপর আমরা এমন একজনকে খুঁজছিলাম, যিনি একই সঙ্গে সংগীতশিল্পী ও যন্ত্রশিল্পী। সেদিক থেকে কর্তৃপক্ষ এস আই টুটুলকেই বেছে নিয়েছে।’তিনি জানান, এ পর্যায়ে এস আই টুটুলকে নিয়ে ২৬টি পর্ব তৈরি করা হচ্ছে। সপ্তাহখানেকের মধ্যেই এই নতুন পর্বগুলোর প্রচার শুরু হবে।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০০৮.