চলচ্চিত্রাভিনেত্রী রোজিনা পরিচালক হিসেবেও সফল। এরই মধ্যে তিনি নির্মাণ করেছেন কয়েকটি খন্ড নাটক। এবার ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন রোজিনা। ধারাবাহিকের বিষয়বস্তু হিসেবে তিনি বেছে নিয়েছেন জনপ্রিয় লেখক ড. মুহাম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘সায়রা সাইন্টিস্ট’কে। এই উপন্যাস অবলম্বনে নাটকটি চিত্রনাট্য লিখেছেন মোস্তফা কামাল সৈয়দ। এ ধারাবাহিক প্রসঙ্গে রোজিনা বলেন ‘আমি জাফর ইকবালের খুব বড় একজন ভক্ত। তার এমন কোনো বই নেই যা আমি পড়িনি। যেহেতু তার লেখা আমি খুবই পছন্দ করি, তাই তার লেখা নিয়ে কাজ করার ইচ্ছা আমার থাকতেই পারে। আর ‘সায়রা সাইন্টিস্ট’ উপন্যাসটি আমি অনেকবার পড়েছি। অনেক ভাল লেগেছে উপন্যাসটি। এই ভাললাগা থেকেই এ উপন্যাস নিয়ে একটি ধারাবাহিক নির্মাণের চিন্তা করেছি আমি।’

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শনিবার, ১৫ নভেম্বর ২০০৮.