‘প্রায় পৌনে তিন বছর পর আবার ক্যামেরার সামনে কাজ করছি। ভালোই লাগছে।’ বললেন রাইসুল ইসলাম আসাদ। দীর্ঘ ১৮ মাস যুক্তরাষ্ট্রে ছিলেন তিনি। জানালেন, মাঝে এক মাসের জন্য ঢাকায় এসেছিলেন, তবে তা পারিবারিক কাজে। আর এবার এসেছেন স্থায়ীভাবে থাকার জন্য। তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম বিশ্রাম নিতে। এখন আমি সম্পুর্ণ সুস্থ।’যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে অনেক দিন অসুস্থ ছিলেন আসাদ। তিনি বলেন, ‘তখন আমি পাগলের মতো কাজ করেছিলাম। সেই সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত একটানা কাজ করেছি। শুধুই অভিনয়। এতটুকু বিশ্রামের কথা ভাবিনি। এবার আর তা করব না। একটু রয়েসয়ে, দেখেশুনে অভিনয় করব। অল্প কাজ করব, তবে তা অবশ্যই ভালো হতে হবে।’কথার মতোই কাজ করছেন আসাদ। গত মাসে ঢাকায় ফিরেই অনিমেষ আইচের কনসার্ট ফর ভুত নাটকের কাজ করেছেন। প্রথম কাজেই মুগ্ধ হলেন। বললেন, ‘অনিমেষের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। ওর কাজ একটু অন্য রকম। দর্শক পছন্দ করবে।’আসাদ বিজয় দিবসের জন্য একটি নাটকে কাজ করবেন আজ। একজন রজব আলী নামের এ নাটকে তিনি রজব আলীর চরিত্রে অভিনয় করবেন। রজব আলী একজন মুক্তিযোদ্ধা। ঢাকা শহরে ক্যাব চালায়। ৩৭ বছর পর তার গাড়িতে এক যাত্রীকে দেখে আঁতকে ওঠে। কারণ, লোকটি রাজাকার। হাতের কাছে পেয়ে প্রতিশোধ নিতে চায় সে। আনিসুল হকের লেখা থেকে এটি পরিচালনা করছেন সকাল আহমেদ। এটিএন বাংলায় ডলস হাউস ধারাবাহিকে অভিনয় করবেন আসাদ। এর পরিচালক আফসানা মিমি জানান, ৫ ডিসেম্বর থেকে রাইসুল ইসলাম আসাদ কাজ করবেন এ ধারাবাহিকে। এদিকে নয় বছর পর বাংলাদেশ বেতারের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। আসাদ বলেন, ‘বেগম মমতাজ হোসেনের লেখা বিজয় দিবসের জন্য নাটকটির রেকর্ডিংয়ে গিয়ে পুরোনো অনেকের সঙ্গেই দেখা হয়ে গেল।’তিনি জানান, চলচ্চিত্রেও অভিনয়ের ব্যাপারে কথা হচ্ছে, কিন্তু এখনো কোনো কিছুই চুড়ান্ত হয়নি।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ১ ডিসেম্বর ২০০৮.






