জাহিদ হাসান ও রিয়াজ এবার একই চলচ্চিত্রে অভিনয় করবেন। ছবির নাম কিছু আনন্দ কিছু বেদনা। জনপ্রিয় এই দুই তারকাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করছেন পরিচালক এফ আই মানিক। ছবিটি প্রযোজনা করছে এটিএন বাংলা।এফ আই মানিক জানিয়েছেন, আগামী ডিসেম্বর থেকে ছবির শুটিং শুরু হবে। পরিবারের ছোট কিছু ঘটনা নিয়েই এ ছবির গল্প তৈরি হয়েছে।চলচ্চিত্রে অভিনয় করা প্রসঙ্গে জাহিদ হাসান বলেন, ‘এফ আই মানিক তো বড় মাপের একজন নির্মাতা। তাঁর সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকেই। সম্প্রতি তিনি ফোনে আমাকে জানালেন, আমাকে নিয়ে একটি ছবি করতে চান। এরপর তিনি এসে আমাকে ছবির গল্প শোনালেন। আমারও ভালো লাগল। রাজি হয়ে গেলাম।’তিনি আরও বলেন, ‘ছবিতে আমি আর রিয়াজ দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করব। এর আগে রিয়াজ ও আমি টিভি-নাটকে অভিনয় করেছি। কিন্তু এবারই প্রথম চলচ্চিত্রে একসঙ্গে কাজ করব। যেহেতু রিয়াজ চলচ্চিত্রের সুপারস্টার, তাই আশা করছি কাজ করতে গিয়ে ওর কাছ থেকে ভালো সহযোগিতাই পাব।’রিয়াজ বলেন, ‘জাহিদ হাসান দারুণ মজার একজন মানুষ। তাঁর সঙ্গে কাজ করে আমি নিজেও আনন্দিত হই। আশা করছি আমরা আনন্দের সঙ্গেই এ ছবির শুটিং-ডাবিং শেষ করতে পারব। সেই সঙ্গে আশা করি, চলচ্চিত্রের দর্শকেরা প্রথমবারের মতো আমাদের দুজনকে একসঙ্গে ভালোভাবেই গ্রহণ করবে।’ এফ আই মানিক জানিয়েছেন, এ ছবিতে জাহিদ হাসানের বিপরীতে অভিনয় করবেন মৌসুমী এবং রিয়াজের বিপরীতে নেওয়া হয়েছে রোমানাকে। এ ছাড়া ছবির অন্যতম দুটি প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ্জাক ও কবরী।

প্রকাশতি : দৈনিক প্রথম আলো, শুক্রবার, ৭ নভেম্বর ২০০৮.