গানের ভুবনে আবার ঘটা করে ফিরে আসছেন পপতারকা মাইকেল জ্যাকসন। আগামী বছর তাঁর একটি নতুন অ্যালবাম বের হবে বলে আশা করা যাচ্ছে। ২০০১ সালের পর তাঁর আর কোনো নতুন অ্যালবাম বের হয়নি। বাহরাইনের বাদশার ছেলে শেখ আবদুল্লাহ বিন হামাদ বিন ইসা আল-খলিফার আর্থিক সহযোগিতায় অ্যালবামটি বের হবে। তিন বছর আগে শিশু নির্যাতনের অভিযোগে জ্যাকসনের বিরুদ্ধে মামলা চলাকালে তিনি মাস ছয়েক বাহরাইনে ছিলেন। এ সময় আবদুল্লাহ হামাদের সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। হামাদের মালিকানাধীন টু সিজ রেকর্ড কোম্পানি থেকে এ অ্যালবাম বের হবে। এর ব্যবস্থাপনায় থাকবে যুক্তরাজ্যভিত্তিক কোম্পানি গাট রেকর্ডস। নতুন অ্যালবামের ব্যাপারে জ্যাকসন বলেন, ‘নতুন অ্যালবামের কাজ নিয়ে আমি দারুণ রোমাঞ্চিত। স্টুডিওতে ফিরে আবার গান নিয়ে ব্যস্ত হওয়ার বিষয়টি আমি বেশ উপভোগ করছি।’ ওয়েবসাইট।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, বুধবার, ১৯ নভেম্বর ২০০৮.






