‘তোমারে লেগেছে কত যে ভালো’, ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, ‘তোমরা যাদের মানুষ বলো না’, কিংবা ‘তারাভরা রাতে তোমার কথা যে মনে পড়ে’−এমনি অসংখ্য শ্রোতাপ্রিয় গানের গীতিকার কে জি মোস্তফা। ষাটের দশকের এই খ্যাতিমান গীতিকবির লেখা গান নিয়ে এসেছে নতুন অ্যালবাম কাছে থাকো ছুঁয়ে থাকো। গানগুলোতে সুর করেছেন ও কন্ঠ দিয়েছেন শেলু বড়ুয়া। গত শনিবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অ্যালবামটির মোড়ক উন্েনাচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি সুরকার রবীন ঘোষ বলেন, ‘ষাটের দশকে আমার সুর করা আর কে জি মোস্তফার লেখা অসংখ্য গান আজও শ্রোতারা মনে রেখেছে। এই অ্যালবামের মধ্য দিয়ে কে জি মোস্তফা আবার ফিরে এসেছেন।’শেলু বড়ুয়া এবারই প্রথম সুর করেছেন। তবে এটা তাঁর গাওয়া তৃতীয় একক অ্যালবাম। এর সংগীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা। অ্যালবামটির পরিবেশনার দায়িত্বে আছে এস এস প্রোডাক্টস।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, সোমবার, ৩ নভেম্বর ২০০৮.






