আসলে কারিনা কাপুরের পক্ষেই এমনটা সম্ভব। এইতো কিছুদিন আগে জনি ডেপের বিপরীতে অভিনয়ের অফার ফিরিয়ে দিলেন কারিনা। তার নাকি স্ক্রিপ্ট পছন্দ হয়নি, ভাবুনতো! এবার ৭৫ কোটি রুপির প্রস্তাব হেলায় ছেড়ে দিয়ে নজীর স্থাপন করলেন কারিনা। সম্প্রতি একটি টিভি শো উপস্থাপনার জন্য কারিনাকে প্রস্তাব দেয়া হয়েছিল। অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য তার পারিশ্রমিক ধরা হয়েছিল ৭৫ কোটি রুপি। কিন্তু চ্যানেল কর্তৃপক্ষকে কারিনা সাফ সাফ জানিয়ে দিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে টেলিভিশনে অনুষ্ঠান করার কোন ইচ্ছা তার নেই। কারিনা বলেন, ‘আমার এখন নিঃশ্বাস নেওয়ারও সময় নেই। আর আমি হোস্ট হবো, মাথা খারাপ। আমি ছোট পর্দায় কাজ করতে চাই। কিন্তু এখন নয়, অন্তত দুই বছর পর।’ একটি সূত্র জানাচ্ছে, শোয়ের প্রযোজক এবং চ্যানেলের অধিকর্তারা কারিনাকে নেয়ার জন্য খুবই আগ্রহী ছিলেন। কিন্তু কারিনা এমন লোভনীয় প্রস্তাব গ্রহণ না করায় তারা দারুণ হতাশ হয়েছেন।
প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, শনিবার, ৮ নভেম্বর ২০০৮.






