মুরাদ পারভেজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চন্দ্রগ্রহণ’ মুক্তি পেয়েছে ঈদুল আযহার দিনে। শুধুমাত্র স্টার সিনেপ্লেক্সে চলছে এই ছবিটি। এই কয়েকদিনেই নগরবাসীর কাছে চলচ্চিত্রটি গ্রহণযোগ্যতা পেয়েছে। তবে চন্দ্রগ্রহণের প্রচার প্রচারণার পাশাপাশি পরিচালক মুরাদ পারভেজ শুরু করে দিয়েছেন তার পরবর্তী চলচ্চিত্রের কাজ। স্টোরি লাইন নির্ধারণের পর বর্তমানে চলচ্চিত্রটির চিত্রনাট্যের কাজ চলছে। আগামী জানুয়ারি মাসে চলচ্চিত্রটির মহরতের পর শুটিং শুরু হবে। প্রাথমিক ভাবে চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘দৌড়’. তবে এটি চূড়ান্ত নাম নয়। চিত্রনাট্য শেষ হওয়ার পর নাম পরিবর্তিত হতে পারে। এদিকে মুরাদ পারভেজের প্রথম চলচ্চিত্র ‘চন্দ্রগ্রহণ’ আগামী ২ জানুয়ারি থেকে দেশের অন্যান্য স্থানে মুক্তি পাবে। এই চলচ্চিত্র সম্পর্কে মুরাদ পারভেজ বলেন, ‘চন্দ্রগ্রহণ আমার স্বপ্ন। একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র হিসেবে চন্দ্রগ্রহণ নির্মাণে আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। এখন পর্যন্ত বেশ ফিডব্যাক পেয়েছি। তবে জানুয়ারিতে দেশের অন্যান্য স্থানে মুক্তি পেলে পুরোপুরি ভাবে বোঝা যাবে যে আসলে কেমন হয়েছে।’

প্রকাশতি : দৈনিক ইত্তেফাক, সোমবার, ১৫ ডসিম্বের ২০০৮.