একজন সংগীতসাধকের চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয় সংগীত পরিচালক ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুল নিজের পরিচয়ের পাশে এবার যোগ করলেন আরেকটি বিশেষণ−অভিনয়শিল্পী। গতকাল তেপান্তরের শুটিং স্পটে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান। বাণিজ্যিক যে চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন, সেটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দৃশ্যাবলী উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে। কিউ খোকন পরিচালিত এ ছবির নাম গুরুভাই। ছবির নাম-ভুমিকায় অভিনয় করছেন হেলাল খান।আহমেদ ইমতিয়াজ বুলবুল জানান, শীর্ষেন্দুর উপন্যাসটি তাঁর আগেই পড়া ছিল। আর যেহেতু চরিত্রটি একজন সংগীতসাধকের, তাই তিনি অভিনয় করতে রাজি হয়েছেন। এটি একটি ইতিবাচক চরিত্র। তার কাছে অনেকেই গান শিখতে আসে। ছবিতে গুরুভাই (হেলাল খান) তাকে বাবা বলে ডাকে। বাবার কাছে গুরুভাই আসে পরামর্শ নিতে। ছবির শেষে গুরুভাই মারা যাবে, নতুন গুরুভাই হয়ে যাবেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। এ ছবিতে রয়েছে ১০টি গান। সব কটিরই সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। লেখাও তাঁর। তবে একটি গান লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। ২০ নভেম্বর এ ছবির মহরতে কলকাতা থেকে ঢাকা এসে উপস্িথত হন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।
প্রকাশতি : দৈনিক প্রথম আলো, রোববার, ২৩ নভেম্বর ২০০৮.






